কথা শুরু হলে শেষ হবে না (মোঃ রহমত আলী)

কথা শুরু হলে শেষ হবে না
=====================
মোঃ রহমত আলী
=====================
কথা শুরু হলে কিন্তু শেষ হবে না,
বোঝার মতো বোধ যদি হয়.. বোধহয়!

আজ বস্তিতে চুলো জ্বলেনি,
তবে হ্যাঁ.. বস্তিটাই পুড়ে ছাই;
না-জানি ইন্ধন ছিল কার?

আজ রাতে লুটেছে ফুটপাতে
পাগলীর সম্ভ্রম; কারা ছিল তারা?

কথা শুরু হলে কিন্তু শেষ হবে না,
উত্তর আছে কি? জবাব দেওয়ার মতন?

দিন-দুপুরে লোকালয়ে মানুষ মারে কারা?
হাজারও লোকে দর্শক; মানুষ বলে তাঁরা!
নীরব ছিল যাঁরা.. তবে বিবেকবান কারা?

ভাই হয়ে ভাইকে করে খুন;
আইনের অভ্যন্তরে বেআইনি গুণ।

কথা শুরু হলে কিন্তু শেষ হবে না,
প্রশ্ন আছে মানুষের কাছে মানবতার?

মানবতাবাদী আবার অমানবিকও তাঁরা!
বিশেষত্ব; কখনো চোখে কাজল লেপে যাঁরা?
চিকিৎসক যখন যম; বিষয় দাফনায় কারা?

দুর্নীতির আখড়া; আমলা বড়ো কামলা,
তবুও দেখে সব অন্ধ—আমি, তুমি, আমরা।

কথা শুরু হলে কিন্তু শেষ হবে না,
মাথা আছে সবার, মাথা ব্যথা কার?

ফকিরের ভিক্ষা করা মাল কেড়ে নেয় কারা?
জঘন্য অপরাধ করেও রূপালী মানুষ যাঁরা!
সমাজে আছে হায়, কারো দুখে দুখী নয় তাঁরা।

বিদ্যালয়ে কি দেওয়া হয় না সুশিক্ষা?
কেন নেই স্বভাবে তাদের কোনো দীক্ষা!

কথা শুরু হলে কিন্তু শেষ হবে না,
আসলে এ দায় কার? কে নেবে দায়?

মানুষের ঊর্ধ্বে কী আইন?
নাকি.. মানুষের জন্যই আইন?
তবে এ কেমন বিচার ব্যবস্থা; কার জন্য?

না আছে মান মানুষের, না মূল্য মানবতার,
না ধ্যান নিজ কর্মের, না আছে মর্ম ধর্মের!

তবে আর নয়.. কোনো কথা আর বলবো না..
কথা শুরু হলে কিন্তু আর শেষ হবে না।।

২৬.০১.২০২৬

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তন্ত্র-মন্ত্র ( মোঃ রহমত আলী )

পাগলা বাউল মন (মোঃ রহমত আলী)

দর্শন- ( মোঃ রহমত আলী )